প্রধানমন্ত্রীর হাতে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের সূচনা
ডেঙ্গুর ভয়াবহ সংক্রমণ ঠেকাতে সারাদেশে শুরু হলো তিন মাস মেয়াদি বিশেষ কর্মসূচি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে চলমান থাকবে বলে জানানো হয়েছে।
মহামারি আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গু মোকাবিলায় এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্নতা জোরদার এবং নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে এই অভিযানে। এ ছাড়া সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগগুলোকে একই কাঠামোয় সমন্বিত করার পরিকল্পনা রয়েছে কর্মসূচিতে। ঢাকাকেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এই সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা। ধারণা করা হচ্ছে, এই তিন মাসের সমন্বিত উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপরই নির্ভর করবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের সাফল্য।

