বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসহায় ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তর বালিয়াকান্দির তালপট্টিতে অবস্থিত আল-হিকমাহ জেনারেল হাসপাতালে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)-এর সার্বিক সহযোগিতায় এবং আল-হিকমাহ জেনারেল হাসপাতালের আয়োজনে ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হচ্ছে।
ক্যাম্পে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত রোগ, চক্ষু, নাক-কান-গলা, ডেন্টাল সার্জারি, মেডিসিন, হৃদরোগ, কিডনি, বাত-ব্যথা, মস্তিষ্ক ও স্নায়ু, ফিজিওথেরাপি, শিশু ও কিশোর এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া চক্ষু পরীক্ষা, রক্তের হিমোগ্লোবিন, ইউরিন ও কিডনি পরীক্ষা, থাইরয়েড হরমোন, সিআরপি, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ডায়াবেটিস ও লিপিড প্রোফাইলসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
আল-হিকমাহ ট্রাস্টের চেয়ারম্যান মীর শাহিনুর রফিক শাওন বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বালিয়াকান্দি ও আশপাশের এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষকে এ ধরনের কার্যক্রমের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংকটাপন্ন রোগীদের জন্য সন্ধ্যার পর মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
মেডিকেল ক্যাম্প পরিচালনায় রয়েছেন চেয়ারম্যান মীর শাহিনুর রফিক শাওন, ভাইস চেয়ারম্যান ইমরান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম হোসেন, কোষাধ্যক্ষ এস. এম. বাকী বিল্লাহ ও উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ। মো. সাইফুল ইসলাম, মো. সুমন ইসলাম, নাকিয়া মেহজাবীন সেতু, মহিন উদ্দিন, কামাল হোসাইন, মো. কাউছার মিয়া ও মীর রামজিয়া রফিক এতে সহযোগিতা করেন।
এদিকে আল-হিকমাহ ট্রাস্টের উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ জানান, আগামী ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জামশেদ ফরিদি জামি চক্ষুসেবা প্রদান করবেন।

