গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে বাকি মাত্র ৫-৭ দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি খাতের অচলাবস্থা কাটাতে সরকার নিরলসভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, গ্যাস সরবরাহ ইতিমধ্যেই উন্নতির পথে এবং আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরগুলোর মাঝে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে তিনি এমন আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এসময় দলের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
গ্যাস সংকটের পেছনের কারণ ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস মজুদ রাখতে সাগরে বিদেশি মালিকানার দুটি জাহাজ অবস্থান করছিল। তার একটিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়, তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এতে অন্য জাহাজটির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং পাইপলাইনে সরবরাহ বিঘ্নিত হয়। তিনি জানান, গত সপ্তাহ থেকে গ্যাস আনা শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে।
তেলের মতো গ্যাস খাতেও একটি অসাধু চক্র সক্রিয় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেশিন দিয়ে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে কেউ নিজে লাভবান হলেও তাতে কষ্টে পড়ছেন আরও দশজন মানুষ। এই অনিয়ম রোধ করা জরুরি বলে মনে করেন তিনি। অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল আত্মসাৎ ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একাই এ দায়িত্ব পালন করতে পারবে না; সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

