১৯৭৪-এর দুর্ভিক্ষে ফুটপাতে শত শত লাশ দেখেছি: চিফ হুইপ মনি
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের নাজুক স্মৃতি ফিরিয়ে এনেছেন। তিনি জানান, সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ফার্মগেট থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত রাস্তার ধারে তিনি শত শত মানুষের মরদেহ শুয়ে থাকতে দেখেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপের ভাষায়, জিয়াউর রহমানের নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং রপ্তানিও শুরু করে। বর্তমান বিএনপি সরকারের আমলে কৃষক কার্ডের পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড চালুর পাশাপাশি ইমামদের জন্য ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, সাবেক সরকারের স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক এবং চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজকে অগ্রাধিকার দেওয়াসহ নানা চুক্তি ইতোমধ্যে পর্যালোচনা করা হয়েছে। বর্তমান সরকার নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি; দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা হবে। অর্থ পাচার বন্ধ ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে অর্থমন্ত্রী ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিলের ১৮(ক) ধারা বাতিল করেছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন জনসভার বক্তব্যের উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে তিনি কোনো নির্দিষ্ট দলের নয়, গোটা দেশের প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও গ্যাস সমস্যায় জনগণের দুর্ভোগের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সংসদে বাকস্বাধীনতার পাশাপাশি শালীনতা রক্ষার ওপর জোর দিয়ে নূরুল ইসলাম সরকার ও বিরোধী দলকে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে গণতন্ত্র পুনর্নির্মাণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

