ভাড়া বাসায় সাইবার প্রতারণার চক্র: চট্টগ্রামে ৬৩ বিদেশি কারাগারে
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে অনলাইনে প্রতারণা ও জালিয়াতির দায়ে আটক হওয়া পাঁচ দেশের ৬৩ নাগরিককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আটকরা হলেন চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাইবার নিরাপত্তা আইনের ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় এই বিদেশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আইনি কার্যক্রম সম্পন্ন করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্য সদস্যদের শনাক্ত করে আটক করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট খুলশী থানা পুলিশের সহায়তায় একটি বাসায় অভিযান চালায় এবং সেখান থেকে ৬৩ বিদেশিকে আটক করা হয়। পুলিশের বরাতে জানা গেছে, দেড় মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়ে তারা সেখানে বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রকাশ পায়, এদের মধ্যে কয়েকজন এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে ভাড়া বাসায় অবস্থান করে অনলাইন প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৩৪টি ব্যবহৃত মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাবলেট, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, কিবোর্ড ও মাউস, একটি প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ এবং চারটি সিমকার্ড। এ ছাড়া পাকিস্তানের তিনটি জাতীয় পরিচয়পত্র ও কম্বোডিয়ার একটি কর্মসংস্থান কার্ডও উদ্ধার করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিদেশিদের আটক করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চক্রটির কর্মকাণ্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুরো বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও তিনি জানান।

