চট্টগ্রামের যানজট নিরসনে মালিক-শ্রমিকের সম্মিলিত উদ্যোগ চাইলেন মেয়র

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০ পিএম
চট্টগ্রামের যানজট নিরসনে মালিক-শ্রমিকের সম্মিলিত উদ্যোগ চাইলেন মেয়র

মহানগরীর দীর্ঘদিনের যানজট ও নাগরিকদের দুর্ভোগ লাঘবে পরিবহন মালিক, কন্ট্রাক্টর, চালকসহ সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তার মতে, শুধু প্রশাসনের একার পক্ষে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়; এজন্য মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা, যত্রতত্র পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চললে নগরীর যানজট অনেকাংশে হ্রাস পাবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাসযোগ্য শহরের ভিত্তিই হলো সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, যেখানে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ডা. শাহাদাত হোসেন বলেন, সংগঠনের সদস্যদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাও তাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বলে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...