চট্টগ্রামে বাড়ছে ৯৪টি পানি এটিএম, ড্রিংকওয়েলের সঙ্গে ওয়াসার চুক্তি
চট্টগ্রামের নগরবাসীর হাতের মুঠোয় নিরাপদ পানি পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল চট্টগ্রাম ওয়াসা। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রযুক্তিভিত্তিক পানি সেবাদাতা প্রতিষ্ঠান ড্রিংকওয়েলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে শহরের বিভিন্ন স্থানে ৯৪টি পানি এটিএম স্থাপন করা হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে সই হয়।
ড্রিংকওয়েল জানিয়েছে, সমঝোতা অনুযায়ী পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় নতুন পানি এটিএম বসানো হবে। বর্তমানে ওয়াসার ব্যবস্থাপনায় ছয়টি পানি এটিএম চালু রয়েছে, নতুন সংযোজনে সেই সংখ্যা পৌঁছাবে ১০০টিতে। চুক্তির শর্ত অনুযায়ী ড্রিংকওয়েল ওয়াসার সরবরাহকৃত পানির মান মূল্যায়ন করবে এবং প্রয়োজনে অতিরিক্ত শোধনব্যবস্থার পরিকল্পনা নির্ধারণ করবে।
পরিকল্পনা অনুযায়ী, পানি এটিএমগুলোতে পরিচয়ভিত্তিক কার্ড ব্যবহারের মাধ্যমে পানি সংগ্রহের প্রযুক্তি থাকবে। এটিএম স্থাপনের জন্য জায়গা দিতে ওয়াসা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মূলধনি বিনিয়োগের ভার বহন করবে ড্রিংকওয়েল। এছাড়া এসব এটিএমের নকশা তৈরি, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব থাকবে ড্রিংকওয়েলের ওপর।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জাহাঙ্গীর আলম, ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী, সেবা প্রকৌশল বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার এবং ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত পানির সহজলভ্যতা বাড়ার পাশাপাশি পানি সংগ্রহে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

