অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ মাহমুদ: রাশেদ খাঁন
নিজের বিরুদ্ধে উঠে আসা নানা অভিযোগ থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জামায়াত জোটের সঙ্গে যুক্ত হয়েছেন — এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ তোলেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, আসিফ মাহমুদ যখন জামায়াতবিরোধী অবস্থানে ছিলেন, তখন তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগই সত্য বলে ধরা হতো। দুর্নীতির অভিযোগ থাকার কারণে ড. মুহাম্মাদ ইউনূসের অনুরোধ সত্ত্বেও জামায়াতের আমির তাকে ঢাকা-১০ আসনে মনোনয়ন পর্যন্ত দেননি।
এরপর তিনি মন্তব্য করেন, বর্তমানে আসিফ মাহমুদ জামায়াত জোটের রাজনীতি চর্চা করায় তার বিরুদ্ধের সব অভিযোগ এখন ভিত্তিহীন বলে চালু হয়েছে। তার ভাষায়, কোনো ব্যক্তি অপরাধী না নিরপরাধ, তা নির্ভর করে তিনি জামায়াতের লোক কি না — জামায়াতকে সমর্থন করলেই ব্যক্তির সব অপরাধ ধুয়ে-মুছে তিনি পুরোদস্তুর ফেরেস্তা হয়ে যান। এ কারণেই দায়মুক্তি খুঁজে আসিফ মাহমুদ জামায়াত জোটে যোগ দিয়েছেন এবং এখন তিনি নিষ্পাপ, একদম কলঙ্কমুক্ত।
পোস্টের শেষে রাশেদ খাঁন লেখেন, ভবিষ্যতে এনসিপি জামায়াত জোট ছেড়ে গেলে আর দুদকের প্রয়োজনই পড়বে না, তখন জামায়াত-শিবিরই দুর্নীতির বিচারের রায় দিয়ে দেবে। এছাড়া তিনি প্রশ্ন তোলেন, জামায়াত জোটের রাজনীতি করে আসিফ মাহমুদ আর কতদিন নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।

