খালের পাড়ে ব্যাগ টানতেই ভয়ংকর দৃশ্য, ঢাকার আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ
রাজধানীর আদাবর থানার ১০ নম্বর এলাকার হাক্কার পাড়ে একটি খালের ধার থেকে এক মধ্যবয়সী নারীর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খালের পাশে পড়ে থাকা দুটি ব্যাগের ভেতরেই দেহের এসব খণ্ডাংশ থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মরদেহের আরও দুটি অংশ এখনো মেলেনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় এক শিশু খালের ধারে দুটি ব্যাগ দেখে সেগুলো টানাটানি করতে থাকে। এক পর্যায়ে ব্যাগের ভেতরে দেহের বিভিন্ন খণ্ডাংশ চোখে পড়ে শিশুটির। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে চারটি অংশ উদ্ধার করে।
এ ঘটনায় আদাবর থানার ওসি এবং সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিনের পুরোনো। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা করবেন। ডিসি ইবনে মিজান জানান, নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। পাশাপাশি ক্রাইম সিন পরীক্ষা করে আরও কোনো আলামত পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় মেলার পর হত্যাকাণ্ডের কারণ, ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হবে। এ ছাড়া মরদেহের বাকি দুটি টুকরো খোঁজার কাজ অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

