অস্ত্র বিক্রির ফাঁদে প্রতারণা, নড়াইল থেকে গ্রেফতার দুই সদস্য

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৮:৩৭ পিএম
অস্ত্র বিক্রির ফাঁদে প্রতারণা, নড়াইল থেকে গ্রেফতার দুই সদস্য

অনলাইনে অবৈধ অস্ত্র বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গত সোমবার দিবাগত রাতে নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতরা হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্দিষ্ট ফেসবুক পেজ পরিচালনা করে তারা এই প্রতারণা চক্র চালাত।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ নজরদারির সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রয়ের বিজ্ঞাপন দেখতে পায় পুলিশ। এরপর সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে ডিএমপির এই ইউনিট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...