গ্যাস স্টেশনে আধদিন কাটিয়ে লোকসানের মুখে সিএনজি চালকরা

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৭:৪০ পিএম
গ্যাস স্টেশনে আধদিন কাটিয়ে লোকসানের মুখে সিএনজি চালকরা

দেশজুড়ে দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকটের প্রভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের জন্য আধা দিন পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। অথচ দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। ফলে আয়ের চেয়ে খরচ বেড়ে যাওয়ায় গাড়ির হাজিরা বা জমার টাকা দিতে হিমশিম খাচ্ছেন এসব চালক।

বুধবার রাজধানীর সাহিল ফিলিং স্টেশন, এবিএন সিএনজি রিফুয়েলিং স্টেশন ও হাফিজার ট্রেডিং প্রাইভেট লিমিটেড গ্যাস স্টেশনে এমন দৃশ্য দেখা গেছে। সেখানে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন চোখে পড়ে। লাইনে থাকা চালকদের অভিযোগ, দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও মাত্র ৭০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে।

সাহিল ফিলিং স্টেশনে কথা হয় চালক আল-আমিনের সঙ্গে। তিনি জানান, সাধারণত বিমানবন্দর এলাকা থেকে গ্যাস নেন তিনি। কিন্তু চাপ কম থাকায় সাহিল স্টেশনে এসেছেন। তার অভিযোগ, গ্যাস নিতে দুই থেকে তিন ঘণ্টা লেগে যায়। এরপরও প্রয়োজনমতো গ্যাস পাওয়া যায় না, মিলছে মাত্র ৩০-৪০ টাকার। এক হাজার ১২০ টাকা জমা দিতে হলেও গ্যাস ও রাস্তার খরচ বাদ দিয়ে হাতে থাকছে না কিছুই।

অন্যদিকে জাহিদুর রহমান নামের আরেক চালক জানান, শেওড়াপাড়া থেকে যাত্রী নিয়ে আসার পর গ্যাস শেষ হয়ে যায়। দিনে অন্তত দুইবার গ্যাস নিতে হয়। দুই ঘণ্টা করে মোট চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকায় গাড়ি চালিয়ে রোজগার করা অসম্ভব হয়ে পড়ছে। এতে তাদের সারাদিনের আয় নেমে আসছে খরচের নিচে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...