ভবন নির্মাণে গড়মিস করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৭:০৪ পিএম
ভবন নির্মাণে গড়মিস করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ

ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে ভবন তৈরি করলে সেখান থেকে পানি, গ্যাস এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অনুমোদিত পরিকল্পনার বাইরে গিয়ে কোনো ভবন নির্মাণ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ভবনের ইউটিলিটি সেবা বন্ধের ব্যবস্থা নেবে। একইসঙ্গে নির্মাণের নিয়ম-কানুন মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে পরিদর্শন কার্যক্রম জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ১৯ আগস্ট সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এই সভায় বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, অনিয়মের দায়ে অভিযুক্ত নির্মাণাধীন ভবনগুলো অনুমোদিত ডিজাইন অনুযায়ী সংশোধন করা হয়েছে কি না, তা তদারকি করে প্রতিবেদন জমা দিতে হবে।

এছাড়া সারা দেশে ইমারত পরিদর্শন ব্যবস্থা আরও শক্তিশালী করতে পরিদর্শকদের শূন্য পদ দ্রুত পূরণ এবং তাদের নির্দিষ্ট ভবনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিমাসে কতটি ভবন পরিদর্শন করা হলো এবং বিগত মাসের তুলনায় অগ্রগতি কেমন, তার একটি ছক ধরে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরি ও প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভবন নির্মাণে স্বেচ্ছাচারিতা রোধ ও নিরাপদ কাঠামো নিশ্চিত করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অমান্য করলে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে সবাই আইন মেনেই ভবন নির্মাণে বাধ্য হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...