তিন খাতে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড, শিগগির চুক্তি
নির্মাণ, কৃষি এবং হালাল শিল্পের মতো তিনটি গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক সংকট সমাধানে বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী থাইল্যান্ড। এরই মধ্যে এ বিষয়ে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাই প্রতিনিধিদের এক বৈঠকে এ সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। বৈঠকে কম খরচে ও স্বচ্ছভাবে কর্মী নিয়োগ এবং মানবপাচার রোধে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ হয়।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দুই দেশের ৫৪ বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জোর দিয়ে বলেন, নিয়োগকর্তাদের অবশ্যই ভিসা ও যাতায়াত খরচ বহন করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সচিব মো. মোখতার আহমেদ।
প্রতিমন্ত্রী নুরুল হক জানান, থাইল্যান্ডের যে দক্ষ জনশক্তির প্রয়োজন, তা বাংলাদেশের ঘরে ঘরে মজুদ রয়েছে। এই নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

