জনগণের নয়, অলিগার্কদের সরকার গড়ছে বিএনপি: নাহিদ ইসলাম
জ্বালানি খাতে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশে সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে একটি স্বার্থান্বেষী অলিগার্কি শক্তির পৃষ্ঠপোষকতা করছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনি ইশতেহার ও ৩১ দফায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি আইন বাতিলের প্রতিশ্রুতি ছিল বিএনপির। কিন্তু ক্ষমতায় এসে তারা নিজেদের দেওয়া কথা রাখছে না। বরং বসুন্ধরা অয়েলের মতো প্রতিষ্ঠানকে পরিশোধিত জ্বালানি আমদানির অনুমতি দিতে বিপিসিকে মাত্র ৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করায় বিপিসি চেয়ারম্যানকে অযোগ্যভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদে জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে মাত্র ১০ দিন করা হয়েছে। এতে বড় আন্তর্জাতিক সরবরাহকারীরা অংশ নিতে পারবে না, যা দরদাতা সংকট ও দাম বৃদ্ধির পাশাপাশি সিন্ডিকেটকে সুবিধা দেবে। এই তাড়াহুড়োর সিদ্ধান্তগুলো সরকারের অস্বচ্ছতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন এই বিরোধী দলীয় নেতা। তিনি বিএনপির আমলের লোডশেডিংয়ের স্মৃতিচারণ করে বলেন, ২০০১-২০০৬ সালের মতো এখনও পরিকল্পনাহীনভাবে বিদ্যুৎ খাত চালানো হচ্ছে।

