মফস্বলের পর ঢাকায় রাতভর লোডশেডিং, হাহাকার নগরবাসীর

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ৬:৩৫ এএম
মফস্বলের পর ঢাকায় রাতভর লোডশেডিং, হাহাকার নগরবাসীর

গ্রাম ও মফস্বল এলাকার পর এবার বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। গত ১২ আগস্ট বুধবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় একাধিক দফায় বিদ্যুৎ চলে গেলে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকায় অস্থির হয়ে পড়েন নগরবাসী।

বিশেষ করে মধ্যরাতে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যায়। কোথাও একটানা এক ঘণ্টা আবার কোথাও একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ফ্যান ও এসি বন্ধ হয়ে গেলে ঘরে থাকা অসম্ভব হয়ে ওঠে এবং ঘুমের ব্যাঘাত ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা এই দুর্ভোগের কথা তুলে ধরেছেন।

আজিমপুরের বাসিন্দা হাসিবুর ইসলাম জানান, রাত দেড়টার দিকে বিদ্যুৎ চলে যায় এবং প্রায় এক ঘণ্টা পর ফিরে আসে। গরমে ঘরে থাকা দুষ্কর হয়ে পড়ে বলে জানান তিনি। ওবায়দুল ইসলাম লিখেছেন, মধ্যরাতে বিদ্যুৎ নেই। নুরুল আলম নয়ন নামের একজন গভীর রাতে ঘুম ভেঙে গিয়ে পাখা ঝাড়তে হওয়ার কথা উল্লেখ করে প্রশ্ন রেখেছেন, নাগরিক হিসেবে ঘুমিয়েও শান্তি মেলে না এটা কোন পাপের ফল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...