সচিবালয়ে এমপির গাড়িতে সর্বোচ্চ দুজন, কঠোর নিরাপত্তা নির্দেশনা

প্রাইম বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬ ৮:৪৪ পিএম
সচিবালয়ে এমপির গাড়িতে সর্বোচ্চ দুজন, কঠোর নিরাপত্তা নির্দেশনা

সংসদ সদস্যরা এখন ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে ঢুকতে চাইলে সঙ্গে নিতে পারবেন সর্বোচ্চ দুজনকে। তারা হলেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা এবং গাড়িচালক। এই দুজনের পরিচয় ও অনুমোদন যাচাই শেষেই কেবল প্রবেশের সুযোগ মিলবে। সচিবালয়ের নিরাপত্তা কঠোর করা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ৪ অক্টোবর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারাও অংশ নেন। সভার কার্যবিবরণীতে স্পষ্ট করে বলা হয়েছে, এমপিরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে গেলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও চালক ছাড়া অন্য কেউ প্রবেশের সুযোগ পাবেন না। প্রবেশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক হবে।

এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের নিরাপত্তা-উদ্বেগ। প্রকাশ্যে দেখা যায়, অনেক এমপি একটি গাড়িতে চার-পাঁচজন সহযাত্রী নিয়েই সচিবালয়ে ঢোকেন। এসব ব্যক্তি আদৌ প্রবেশের অনুমোদনপ্রাপ্ত কি না, তা মেলানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়ির অতিরিক্ত যাত্রীদের বিষয়ে কঠোর ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বাহিনীর সদস্যরা প্রায়ই সুস্পষ্ট পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগও রয়েছে।

প্রশাসনিক কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, সচিবালয় দেশের সরকারি প্রশাসনের প্রাণকেন্দ্র, যেখানে মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অবস্থান। প্রয়োজনীয় অনুমোদন বা যাচাই ছাড়া অতিরিক্ত ব্যক্তির ঢুকে পড়া সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই বিবেচনাতেই এমপিদের গাড়িতে সহযাত্রীর সংখ্যা দুজনে সীমাবদ্ধ রাখা এবং পরিচয়-অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন নির্দেশনা কার্যকর হলে এমপিদের ব্যক্তিগত কর্মকর্তা ও চালকের বাইরে আর কোনো ব্যক্তিই ওই গাড়িতে করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...