অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রমপুর ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ১০:০০ এএম
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রমপুর ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা

অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত বিখ্যাত ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি’কে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতটি কারখানায় প্রবেশ করলে ভয়াবহ দৃশ্য দেখতে পান। সেখানকার পরিবেশ অত্যন্ত নোংরা ছিল এবং তেলাপোকার উপদ্রব ছিল চোখে পড়ার মতো। এছাড়া, কোনো প্রকার লেবেল বা মোড়ক ছাড়াই দই, মিষ্টি ও রসগোল্লা তৈরি ও মজুদ করতে দেখা যায়, যা নিরাপদ খাদ্য আইনের সরাসরি লঙ্ঘন।

এসব গুরুতর অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে এবং সেই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...