মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার (৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বাসভবনে জেলা প্রশাসনের এই কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা চিরকাল থাকবো না, তাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মাঠ প্রশাসনের এই কর্মকর্তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, কর্মস্থল হয়তো নিজের এলাকা নয়, কিন্তু সেখানকার মানুষ দেশেরই অংশ। তাই দায়িত্বরত এলাকার মানুষকেও নিজের আপনজনের মতো ভালোবাসতে হবে। দেশকে সুন্দরভাবে গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কেবল আইন প্রয়োগ করে সমাজের সকল সমস্যার সমাধান সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মানুষকে বোঝানোর মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব। ইউএনওদের তাদের এলাকায় মানুষকে সচেতন করার কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

