রোববার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ১০:৩৫ পিএম
রোববার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। আগামীকাল রোববার এই সফরে তিনি মাতারবাড়ীতে মেগা প্রকল্পের অগ্রগতি পরিদর্শন এবং বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকালে হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী যাবেন তিনি। সকাল সাড়ে ১০টায় সেখানকার গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডার কার্যক্রম পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন সরকারপ্রধান।

দুপুরে ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে বাবুনগর মাদরাসা প্রধান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন তিনি। এছাড়া মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার। বিকেলে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতির পর ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...