বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট গুগল, মেটা এবং টিকটক বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠিয়েছে। শনিবার গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক পরিদর্শনকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, কালিয়াকৈর হাই-টেক পার্কে বর্তমানে নতুন গতি সঞ্চার হয়েছে এবং আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তাব দেশের প্রযুক্তি খাতের জন্য এক বড় সুখবর।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিয়াকৈর হাই-টেক পার্কে ইতিমধ্যে ৮৫টি প্রতিষ্ঠানের জন্য জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি বিদেশি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০টি ইতিমধ্যে উৎপাদন ও কার্যক্রম শুরু করেছে। মোট বিনিয়োগের প্রস্তাব রয়েছে প্রায় ১ দশমিক ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের, যার মধ্যে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৪৫ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নে সরকার প্রায় ৫০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে।
ফকির মাহবুব আনাম বলেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই পরিদর্শন এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রণোদনার প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই পার্কের ব্যবসায়িক ইকোসিস্টেম পূর্ণাঙ্গরূপ গড়ে উঠলে প্রায় এক লাখ মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

