বন্যাকবলিত চট্টগ্রামে ওআইসি সদস্য দেশগুলোর হাজার পরিবারে ত্রাণ বিতরণ
ঢাকায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশন চট্টগ্রামে বন্যার কবলে পড়া এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। গত রোববার (১৯ জুলাই) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মহানুভবতা। অত্যধিক বৃষ্টিপাতে জর্জরিত এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ওআইসি দেশগুলোর এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বন্ধুপ্রতিম দেশগুলোর এই সহমর্মিতা শুধু ত্রাণই নয়, বরং পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
মেয়র জানান, বন্যার পর পুনর্বাসন কাজ, পরিচ্ছন্নতা অভিযান, পানি নিষ্কাশন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সম্মিলিত উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় অধিকতর কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা বলেন, মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ওআইসি সদস্য দেশগুলোর অঙ্গীকারের অংশ।
বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান মেয়র শাহাদাত হোসেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

