সাতকানিয়ায় ত্রাণ বিতরণ: ব্যবসায়ীদের ভূমিকায় মুগ্ধ অর্থমন্ত্রী
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের ব্যবসায়ী সমাজের প্রশংসা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আ ম খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্যোগের কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও ব্যবসায়ীদের এই মানবতার সেবা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যা অন্যদেরও কাজের অনুপ্রেরণা জোগাবে।
গত শুক্রবার (১৭ জুলাই) সাতকানিয়া উপজেলায় তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে আয়োজিত খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাতকানিয়ার সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সুখে-দুঃখে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় অতিথিরা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

