গভীর সমুদ্রে ২ দিন ভাসার পর ১৯ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরের গভীর অংশে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার এবং ১৯ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিম সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, ৮ জুলাই হাতিয়া থেকে ‘এফবি মা-২’ নামের মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যান ১৯ জন জেলে। কিন্তু ১৩ জুলাই থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে। দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে ট্রলারের এক জেলে বুধবার সকালে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’। যৌথ অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র থেকে বিকল হওয়া ট্রলারসহ সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

