চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ২:৫৯ এএম
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে মাঠে নামলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৮ আগস্ট) সকালে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রাম বোট ক্লাব থেকে শুরু করে বিমানবন্দর সড়ক হয়ে কর্ণফুলী টানেলের মুখ পর্যন্ত সড়কের অগ্রগতি পর্যবেক্ষণ করেন মেয়র। এরপর তিনি টাইগারপাস, লালখানবাজার ও অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্বর এলাকা ঘুরে দেখেন। সরেজমিনে দেখার পর মেয়র সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার, বিবর্ণ হয়ে যাওয়া সড়কে নতুন করে রং করা এবং মিডিয়ানে নির্দিষ্ট স্থানে রেলিং স্থাপনের নির্দেশ দেন।

এসময় তিনি বিমানবন্দর সড়ক থেকে মোহরা পর্যন্ত মিড-আইল্যান্ডে শোভামুখর ফুলের গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইনে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। এই প্রকল্পের জন্য চসিকের প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

পরিদর্শনকালে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান মেয়রের সাথে উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনায় অংশ নেন এবং দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...