মিরপুরের শেওড়াপাড়ায় কোমর পানি, যানবাহনে তিনগুণ ভাড়া
রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি রোববার পানিতে তলিয়ে যায়। পূর্ব শেওড়াপাড়ার ইব্রাহিমপুর পাকার মাথা থেকে শুরু করে কবরস্থান গলি পর্যন্ত সড়কে কোমর সমান পানি জমে থাকায় মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। মেট্রোরেল স্টেশন এলাকার নিচু অংশেও হাঁটু পানি জমতে দেখা গেছে। এমন দৃশ্য দেখে স্থানীয় শিশুরা একে মিনি কক্সবাজার বলে মশকরা করলেও, সাধারণ মানুষ ত্রাহি ত্রাহি করছেন।
পানি উন্নত হওয়ায় আশপাশের অনেক বাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে গ্যারেজে রাখা গাড়িগুলো পানিতে নিমজ্জিত হওয়ায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সড়কে বাস বা মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দা আগরগাঁওয়ের বসুদেব জানান, তিনি অটো নিয়ে কাজে বের হলেও কাজীপাড়া এলাকায় সার্কিট নষ্ট হয়ে যায়। পরে কোমর পানি ভেঙেই তাকে সিটি কর্পোরেশন অফিসে যেতে হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরের শফিক নামে এক শ্রমিকও মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত কোমর পানি পাড়ি দেওয়ার কথা জানিয়েছেন।
সাধারণ সময়ে ২০ টাকার রিকশা ভাড়া এখন বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে। এক ভ্যানচালক জানান, চরম কষ্টে ভ্যান চালাতে হচ্ছে এবং মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই জনপ্রতি ৫০ টাকা ভাড়া নিতে বাধ্য হচ্ছেন তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অভিভাবকরা স্কুল-কলেজ বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন।

