ভারী বৃষ্টিতে ঢাকায় তলিয়ে রাস্তাঘাট, বাড়তি ভাড়ায় দুর্ভোগ চরমে
রোববার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীতে শুরু হওয়া টানা ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে গভীর জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা অফিসগামী মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। হাঁটুসমান পানি ও যান চলাচল ব্যাহত হওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে ব্যর্থ হন।
সকালে রাস্তায় বের হওয়া কর্মজীবীদের দুর্দশা চোখে পড়ার মতো। অনেককেই জুতা হাতে বা ব্যাগে নিয়ে রাবারের স্যান্ডেল পরে পথ চলতে দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের কর্মকর্তা ইকবাল মাহমুদ বলেন, সকালে ভেবেছিলাম একটু আগে বের হলে স্বস্তিতে অফিসে যেতে পারব। কিন্তু রাস্তায় নেমে দেখি অলিগলিতে প্রচুর পানি জমে আছে। জুতা পরে হাঁটা সম্ভব হয়নি, তাই রাবারের স্যান্ডেল পরে বের হয়েছি, জুতা ব্যাগে রেখেছি। কারওয়ান বাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বাসার সামনেই হাঁটুসমান পানি, ছাতা নিয়ে কষ্ট করে বের হয়ে অফিসের পোশাক ও জুতা ব্যাগে নিয়ে যাচ্ছেন।
পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল রাইড-শেয়ারিং সার্ভিসের চালকরা অনেক ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। একটি করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসাইন জানান, প্রতিদিন ৬০ টাকায় রিকশায় অফিসে যাওয়া হলেও আজ একই পথে ১০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। বৃষ্টির অজুহাতে এমন বাড়তি ভাড়া আদায়ের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

