গতকাল রাত থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, চরম ভোগান্তি
মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাত থেকে রাজধানী ঢাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে নগরীর প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলিতে হাঁটু পানি জমে যায়। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর রাস্তায় দেখা গেছে মানুষ বৃষ্টি উপেক্ষা করেই কর্মস্থলের দিকে ছুটছেন। অনেকে ছাতা আর রেইনকোট ব্যবহার করলেও শ্রমজীবী মানুষকে পলিথিন দিয়ে গা ঢাকা অবস্থায় পথ চলতে হয়েছে। এদিকে, চট্টগ্রাম ও কক্সবাজারে টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ব্যাপক জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। উত্তরাঞ্চলের নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সাধারণ অপরিবর্তিত থাকতে পারে। আকাশ মেঘলা থাকায় রাজধানীবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

