শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
চট্টগ্রামের ফটিকছড়িতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচটি বাসকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ওই বাসগুলো থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপজেলার গাউছিয়া মার্কেট ও আন্ডা মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় এ সময় আইনি সহায়তা প্রদান করে। আদালত প্রতিটি বাসকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযানটিতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
মঈনুদ্দীন ফয়সল জানান, মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও বেআইনি হর্ন ব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন শুধু পরিবেশে শব্দদূষণ বাড়ায় না, এতে পথচারীসহ আশপাশের বাসিন্দারাও মারাত্মক ভোগান্তিতে পড়েন। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ হর্ন ব্যবহার প্রতিরোধে নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

