মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ফরিদপুরের সালথায় মাদরাসার তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের একাধিক গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেধেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর হয়েছে দুটি দোকান এবং পুড়িয়ে দেওয়া হয়েছে খড়ের গাদা।
জানা যায়, তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক ওই তিন যুবকের পথ আটকে প্রহার করে। খবর ছড়িয়ে পড়ার পর দুই ইউনিয়নের বহু গ্রামের মানুষ দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে গুরুতর অসুস্থ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বজায় রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। উত্তেজনা ছড়িয়ে পড়া রোধে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

