যশোরের অভয়নগরে সরকারি সার গোপনে মজুতের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৬ ৭:২০ পিএম
যশোরের অভয়নগরে সরকারি সার গোপনে মজুতের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা

যশোরের অভয়নগরে সরকারি ইউরিয়া সার অবৈধভাবে সরিয়ে নেওয়া, বিক্রি ও পাচারের উদ্দেশ্যে গোপনে মজুত রাখার অপরাধে আব্দুল মজিদ (৩৩) নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর আনসারী তাকে এ জরিমানা করেন।

মামলার প্রসিকিউটিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার রাত ৯টা নাগাদ ভৈরব নদের তীরে শংকরপাশা খেয়াঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সার পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুটি স্তূপে থাকার কথা মতো ৪২০ টন সার উপস্থিত নেই।

সার অনুপস্থিত থাকার ব্যাপারে প্রতিষ্ঠানটির খুলনা শাখা অফিসের ইনচার্জ আব্দুল মজিদ ভ্রাম্যমাণ আদালতে কোনো যথার্থ জবাব দিতে ব্যর্থ হন। লাইসেন্স, নিবন্ধন কিংবা আদালতের আদেশ বা অনুমতি ছাড়া সার পরিবহন, বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে অন্যত্র সংরক্ষণের দায়ে তার বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর আনসারী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারায় অভিযোগ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিধান অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...