ক্রীড়া কার্ডধারীদের গণপরিবহন ও বিমা সুবিধায় সরকারের নতুন উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
০৪ অক্টোবর ২০২৬ ৪:৫৯ পিএম
ক্রীড়া কার্ডধারীদের গণপরিবহন ও বিমা সুবিধায় সরকারের নতুন উদ্যোগ

জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়রা এবার গণপরিবহনে ভ্রমণের সময় বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন। এছাড়া তাদের জন্য স্বাস্থ্যসেবার পাশাপাশি জীবনবিমা ও ঝুঁকিবিমার আওতা নিশ্চিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রোববার (৪ অক্টোবর) ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের নানা সুবিধা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ সভায় ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রাখা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা জোরদার ও তাদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রার পথ প্রশস্ত করতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এমন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডাব্লিউটিএ-এর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএল-এর পরিচালক মো. আমিনুর রহমান, জীবন বিমা কর্পোরেশনের জিএম আবু নাইম মো. মারুফ খান এবং বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দুকুর রহমান পাটোয়ারীসহ পরিবহন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

খেলাধুলাকে টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং খেলোয়াড়দের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় এমন উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুবিধাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন ও বিমা খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়ার আশা করছে মন্ত্রণালয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...