ঢাবি শিক্ষার্থীদের জন্য ঢামেক হাসপাতালে মিলবে বিশেষ চিকিৎসাসুবিধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢামেক হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে রোববার (৪ অক্টোবর)। এদিন ঢাবি উপাচার্যের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন এ সময় ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম ও সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান এবং ঢাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক সজীবও অংশ নেন।
সাক্ষাৎকালে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আরও কার্যকর ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত কথা হয়। দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে চিকিৎসাকার্যক্রমকে আরও গতিশীল করা এবং সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মান ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রোগ নির্ণয়ে ঢামেকের চিকিৎসকদের সহায়তা নেওয়ার বিষয়েও অভিমত হয়।
সহযোগিতা জোরদারের ফলে ঢাবি শিক্ষার্থীরা পাবেন আরও উন্নত ও দ্রুত চিকিৎসাসেবা—এমন আশা প্রকাশ করা হয়েছে বৈঠক থেকে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যুক্ত হবে নতুন মাত্রা।

