নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
মুন্সিগঞ্জের শ্রীনগরে আপন নাতিকে রীতিমতো মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে এক দাদির বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এই ঘটনা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মা শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত মুক্তা বেগম (৪৫) উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী। আহত শিশু নাফিন খান তার বড় ছেলে নিরব খানের সন্তান। শিশুটির মা সোনালী আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শাশুড়ি তার বিরুদ্ধে মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন চালিয়ে আসছেন। ঘটনার দিন ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে তিনি ছুটে গিয়ে সন্তানকে উদ্ধার করেন। এসময় শ্বশুর কিংবা স্বামী কেউই প্রতিবাদ করেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শুক্রবার রাতে ঘটনাটির ৩৬ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। এলাকার ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অমানবিক ও অনাকাঙ্ক্ষিত কাজ। এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত ওই নারীর বিচারের দাবি জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল ভিডিও ও থানায় অভিযোগের পর এ ঘটনায় ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।

