আপিল খারিজ, মাদক অধিদপ্তরের পরিদর্শকের ইনক্রিমেন্ট স্থগিত দণ্ড বহাল
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিনের ওপর আরোপিত এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিতের শাস্তি অমোঘ থাকল। দণ্ড মওকুফের দাবিতে তার করা আপিল আবেদন খারিজ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনটিতে সোমবার সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহরিয়া শারমিনকে এই লঘুদণ্ড দেওয়া হয়েছিল। গত ২৩ মে অধিদপ্তরের স্মারকের মাধ্যমে এক বছরের জন্য ইনক্রিমেন্ট স্থগিতের দণ্ডাদেশ জারি করা হয়।
বর্তমানে শাহরিয়া শারমিন দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেল ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে পরিদর্শক পদে। দণ্ডাদেশের বিরুদ্ধে তিনি আপিল করলে রাষ্ট্রপক্ষের দফাওয়ারি জবাবসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
মূল্যায়ন শেষে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ, নির্ধারিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করেই তার শাস্তি নির্ধারণ করা হয়েছে। অভিযোগ সমর্থনে প্রাপ্ত তথ্য-প্রমাণও যথেষ্ট এবং আরোপিত দণ্ড সম্পূর্ণ যথার্থ ও ন্যায়সঙ্গত। এ বিবেচনায় আপিল না-মঞ্জুর করার পাশাপাশি অধিদপ্তর কর্তৃক জারিকৃত দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।

