গুলশান মিছিলের খবর গোয়েন্দাদের ছিল, পুলিশের ব্যর্থতা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগেই তথ্য ছিল জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে শুক্রবার জুমার নামাজে এসে ওই এলাকায় দলটির নেতাকর্মীরা এমন কার্যক্রম করবে—সেটি হয়তো পুলিশ অনুমান করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। একে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিষিদ্ধ দলটি মাঝেমধ্যে নানা অপতৎপরতায় লিপ্ত হয়। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে সেটির ভিডিও ধারণ করার ঘটনা ঘটছে। এসব মিছিলের বিষয়টি তারা লক্ষ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
গুলশানের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুমার নামাজ আদায়ের কথা বলে দিনের বেলা ১১টার দিকে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, যা সবারই জানা।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে তারা। এসময় দুজনকে গ্রেফতার করা হয় এবং পাঁচটি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

