ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ চার্জের বিরুদ্ধে বড় অভিযান
অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে সরকার। দেশজুড়ে অবৈধ বিদ্যুৎসংযোগের বিরুদ্ধে চালানো অভিযানে মাত্র দুই সপ্তাহে ৬২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা জানান, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে ৬০টি ছিল মোবাইল কোর্টের মাধ্যমে। এসব অভিযানে অবৈধভাবে নেওয়া ৬২৩টি বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয় এবং জরিমানা বাবদ আদায় হয় ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৯১ টাকা। বিরুদ্ধে অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মহানগর এলাকায়ও একই ধরনের কার্যক্রম চলছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) তাদের অধিভুক্ত এলাকায় ৩০টি অভিযান চালিয়ে ২১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (নেসকো) সহ বিদ্যুৎখাতের অন্য প্রতিষ্ঠানগুলোও নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করেছে। সামগ্রিকভাবে ৩৭৪টি অভিযানে ১ হাজার ২৫৮টি অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং দায়ের করা হয়েছে ৫৭টি মামলা।
অন্যদিকে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। তার ভাষায়, নিয়ম বিরতিতে হাসপাতালগুলোর সেবার মান পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

