স্থানীয় সরকার ভোটের প্রস্তুতি: ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতির রূপরেখা তৈরিতে নামছে নির্বাচন কমিশন। ভোটের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা ঠিক করতে আগামী ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে সংস্থাটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর বৈঠকটি ডাকা হলেও নানা কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে নতুন তারিখ ধার্য করা হয়েছে; আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনের উপনির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। এতে উপস্থিত থাকার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিজিবি, কোস্ট গার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকও থাকবেন বলে চিঠিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসির মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচন। চলতি মাসেই তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি থেকে ভোট শুরু করার পরিকল্পনা কমিশনের। প্রাথমিকভাবে সাত ধাপে পুরো নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

