ব্যাটারিরিকশায় অবৈধ বিদ্যুৎ চার্জ বন্ধে অভিযান, বিচ্ছিন্ন ৬২৩ সংযোগ
ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে চার্জ করার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশজুড়ে অবৈধ বিদ্যুৎসংযোগ বন্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, মাত্র দুই সপ্তাহে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর এলাকায় ৬২৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে ৬০টি ছিল মোবাইল কোর্টের মাধ্যমে। এসব অভিযানে জরিমানা বাবদ আদায় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৯১ টাকা। সংযোগ বিচ্ছিন্নসহ এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা।
একই ধারায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৩০টি অভিযান চালিয়ে ২১টি অবৈধ সংযোগ খুলে ফেলেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে এবং আদায় হয়েছে ২৫ হাজার টাকা জরিমানা। নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (নেসকো) ও বিদ্যুৎ খাতের অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে নিজ নিজ এলাকায় ৩৭৪টি অভিযান পরিচালিত হয়েছে। এতে অবৈধ ১ হাজার ২৫৮টি বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ৫৭টি মামলা করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে নিয়মিত পরিদর্শন চলছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, বিভিন্ন হাসপাতালে আকস্মিক সফরের মাধ্যমে সেবার মান যাচাই করা হচ্ছে। সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও এমন একটি পরিদর্শন করা হয়েছে।

