বাইক বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যু, সতর্ক থাকতে বললেন জাহেদ উর রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২:০৪ পিএম
বাইক বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যু, সতর্ক থাকতে বললেন জাহেদ উর রহমান

দেশে মোটরসাইকেল ব্যবহারের প্রসার যত বাড়ছে, সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীদের প্রাণহানির ঘটনাও তত বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্যমতে, প্রাণহানির পাশাপাশি এসব দুর্ঘটনায় প্রতিনিয়ত বহু মানুষ আহত হচ্ছেন। এ অবস্থায় বাইকারদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর বিষয়ে জোর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের নানা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অভিযোগ করেন, ব্যাটারিচালিত অটোরিকশার বেশিরভাগের মালিকানা পুলিশ কর্মকর্তাদের হাতে, অথচ রাস্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যরাই। সরকার অবৈধ অটোরিকশার বিষয়ে সরব থাকলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। বরং বাইকারদের কাগজপত্র যাচাইয়ে পুলিশকে অনেক বেশি সক্রিয় দেখা যায়। একইভাবে ফিটনেসবিহীন ও ভাঙাচোরা বাস বন্ধেও কোনো অভিযান চোখে পড়ে না বলে জানান ওই সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, পুলিশ কর্মকর্তারা ব্যাটারিচালিত ইজিবাইকের মালিক — এমন দাবি যথেষ্ট তথ্য-প্রমাণ ছাড়া করা ঠিক হবে না। তিনি বলেন, “আপনি যদি তথ্য-প্রমাণ দিয়ে যেকোনো রিপোর্ট করেন, আমি এটাকে এনকারেজ করছি। আপনার এই তথ্যটাকে আমি উড়িয়ে দিচ্ছি তা বলছি না, কিন্তু আপনি যখন পাবলিক জায়গায় বলছেন, আপনার একটু গ্রাউন্ড থাকা লাগবে।”

তিনি আরও জানান, গুজব বা ডিসইনফরমেশনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে। তবে তথ্য ও প্রমাণের ভিত্তিতে সাংবাদিকদের করা প্রতিবেদনকে সরকার সবসময় উৎসাহিত করবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...