দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মাদক অধিদপ্তরের সাবেক পরিদর্শক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সাবেক পরিদর্শক মো. মোজাফফর হোসেন শাহ অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দেওয়া এক বছরের বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থায়ীভাবে স্থগিতের লঘুদণ্ডও বাতিল করা হয়েছে। তার দায়ের করা আপিল আবেদনের নিষ্পত্তির মাধ্যমে এই সিদ্ধান্ত এসেছে, যা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জারি করা হয়।
বিভাগীয় মামলার নথিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অধীনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। সেই আইনের আলোকে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তাকে একটি বার্ষিক বেতনবৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়।
এরপর দণ্ড মওকুফের দাবিতে ওই কর্মকর্তা আপিল করেন। আবেদনটি বিবেচনার সময় অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি, রাষ্ট্রপক্ষের দফাওয়ারি জবাব এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি বিশ্লেষণ করা হয়। পর্যালোচনার পর আপিলটি মঞ্জুর করে দণ্ড বাতিল এবং তাকে অভিযোগের দায়মুক্ত করা সমীচীন বলে গণ্য করা হয়।
এ সিদ্ধান্তের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের স্মারকমূলক আদেশে দেওয়া দণ্ডটি বাতিল হলো। উল্লেখ্য, মোজাফফর হোসেন শাহ বর্তমানে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছেন। দণ্ড বাতিলের ফলে তার চাকরির রেকর্ড সংক্রান্ত প্রশাসনিক জটিলতা দূর হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

