আদানির এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ সরবরাহ, বাড়ছে লোডশেডিং

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৪ পিএম
আদানির এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ সরবরাহ, বাড়ছে লোডশেডিং

কয়লা সংকট মোকাবিলা করে স্বাভাবিক উৎপাদনে ফেরার পরই ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে গেছে। দুই ইউনিটের একটি অচল হওয়ায় কেন্দ্রটির মোট উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের তীব্রতা বেড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির হালনাগাদ তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পিক সময়ে রাত ৯টায় আদানি কেন্দ্র থেকে পাওয়া গিয়েছিল ১৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু প্রায় দুই ঘণ্টার মধ্যেই সরবরাহ কমতে শুরু করে। পরদিন ১০ সেপ্টেম্বর সন্ধ্যার পিকে সরবরাহ নেমে আসে ৬৯১ মেগাওয়াটে। বুধবারও প্রায় ৭০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ আসছে, যেখানে স্বাভাবিক সময়ে আসত ১২০০ থেকে ১৪০০ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আদানির ইউনিট বন্ধের প্রভাব সরাসরি পড়ছে জাতীয় গ্রিডে। উৎপাদনের এই ঘাটতির কারণে একাধিক এলাকায় লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে।

১ হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রে রয়েছে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। ত্রুটিপূর্ণ ইউনিটটি দ্রুত মেরামত করে চালু করা গেলে উৎপাদন আবার পূর্বের ধারায় ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে ইউনিটটি কবে নাগাদ পুনরায় উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো সময়সীমা জানানো হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...