মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযুক্ত ৫৪২ জন গ্রেফতার
মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে চট্টগ্রামে মাত্র ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকও জব্দ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়।
জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে ২৬ হাজার ৮৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ কেজি ৯৩৭ গ্রাম গাঁজা, ৭০ লিটার চোলাই মদ এবং ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়া এই অভিযানের ধারাবাহিকতায় মাদক সংক্রান্ত ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪১ জন রয়েছেন। পরোয়ানামূলে ১২৮ জন এবং সাজা পরোয়ানামূলে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় আটক হয়েছেন ১৪৪ জন, যাদের মধ্যে ৫৮ জন নিয়মিত মাদক ব্যবসায়ী, দুইজন মাদক বহনকারী এবং ৮৪ জন মাদকসেবী। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থ রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

