জাদুঘর খুলবে বিকেল ৩টায়, সকাল থেকেই গেটে দর্শনার্থীদের ভোগান্তি
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দর্শনার্থীদের জন্য বিকেল ৩টায় উন্মুক্ত করা হয়। এই সময়সূচি না জেনে সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সেখানে ভিড় জমান অনেকে। তীব্র গরম আর কড়া রোদের মধ্যে টিকিট কাউন্টার বন্ধ দেখে হতাশ হয়ে পড়েন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। অনেকে আবার ভোগান্তিতে ক্লান্ত হয়ে আশপাশের বিভিন্ন জায়গায় চলে যান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, জাদুঘরের গেটের সামনে নারী ও শিশুসহ বেশ কিছু মানুষ ছায়ায় দাঁড়িয়ে আছেন, কিন্তু টিকিট বিক্রির ব্যবস্থা তখনো শুরু হয়নি। কখন প্রবেশ করা যাবে কিংবা জাদুঘর কি বন্ধ—এমন প্রশ্ন নিয়ে ভেতরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইছিলেন অনেকে। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে কেউ কেউ পাশের চন্দ্রিমা উদ্যান কিংবা সংসদ ভবনের সামনের এলাকায় সময় কাটাতে চলে যান।
দুপুর ১২টার দিকে গাজীপুরের জয়দেবপুর থেকে সাত বন্ধুকে সঙ্গে নিয়ে আসেন জুবায়ের। ভোগান্তির অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘জানতাম না এটি বিকেল ৩টায় খোলা হয়। এত দূর থেকে এসে আমরা বিপদে পড়েছি।’ মিরপুর-১ নম্বর থেকে তিন বন্ধুকে নিয়ে এসেছেন মাদরাসা শিক্ষার্থী সিফাত। তার ভাষায়, ‘আমরা শুক্রবার ছুটি পাই। সন্ধ্যার আগেই মাদরাসায় ফিরতে হয়। এখন এসে দেখি জাদুঘর খুলবে বিকেল ৩টায়। আশপাশের কোনো মসজিদে গিয়ে তারপর আসবো ভাবছি।’
ছুটির দিনে জাদুঘরে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও সময়সূচি সম্পর্কে জানানোর কোনো স্পষ্ট ব্যবস্থা না থাকায় ঘন ঘন এমন ভোগান্তি ঘটছে বলে মনে করছেন অনেকে। গেটে নোটিশ দেওয়া কিংবা বিভিন্ন মাধ্যমে সময়সূচি প্রচার করা হলে দূর থেকে আসা মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে দাবি তাদের।

