জমা পানি ফেলুন প্রতি তিন দিনে: ডেঙ্গু ঠেকাতে মেয়র শাহাদাতের আহ্বান
ডেঙ্গু মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মশক নিধন অভিযানের পাশাপাশি নিজেদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পতেঙ্গার কমিশনার ঘাটা, দক্ষিণ পাড়া ও বাটারফ্লাই রোড এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন ও নাগরিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। তাঁর ভাষায়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর প্রকোপ বহুলাংশে কমানো সম্ভব।
বাসাবাড়ির ছাদ, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচে কিংবা নির্মাণাধীন ভবনে কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখার পরামর্শ দেন মেয়র। তিনি বলেন, প্রতি তিন দিনে জমে থাকা পানি ফেলে দিতে হবে এবং নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। থেমে থেমে বৃষ্টির কারণে নগরের নানা জায়গায় পানি জমছে উল্লেখ করে তিনি জানান, জমা পানিতে অল্প সময়েই এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই পানি জমতে না দেওয়া এবং জমে থাকলে দ্রুত অপসারণ করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পন্থা।
সিটি করপোরেশনের চলমান কার্যক্রম সম্পর্কে মেয়র জানান, এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই পদ্ধতিতে ওষুধ প্রয়োগ চলছে, আর পূর্ণবয়স্ক মশা নিধনে ব্যবহার হচ্ছে ফগার মেশিন। নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির অভিযোগ থাকলে তা জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র শাহাদাত। তিনি বলেন, কোথাও ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে না বা কোনো অবহেলা চলছে— এমন অভিযোগ করা যাবে সরাসরি আমাদের চট্টগ্রাম অ্যাপের মাধ্যমে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

