লোহাগাড়ায় চেকপোস্টে দুই হাজার ইয়াবা ও পিস্তলসহ দুই কারবারি আটক

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ২:২২ পিএম
লোহাগাড়ায় চেকপোস্টে দুই হাজার ইয়াবা ও পিস্তলসহ দুই কারবারি আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়মিত চেকপোস্টের তল্লাশির সময় বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যান থেকে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

পুলিশ জানায়, রাত ১টা ২০ মিনিটের দিকে চেকপোস্টে একটি ফোটন পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চালকের সিটের পেছনের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি পুটলা দেখতে পায় আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। পরে আটক দুজনের উপস্থিতিতে সেই পুটলা থেকে সাদা পলিথিনে মোড়ানো দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি বের করে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে সমন্বয় করে বিক্রির লক্ষ্যেই ইয়াবা ও অস্ত্রগুলো পরিবহন করা হচ্ছিল।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অভিযুক্ত মামুন ইতোমধ্যে বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছে। তাকে গ্রেফতার এবং এই চক্রের অন্য সংশ্লিষ্টদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...