প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মাননীয়’ বাদ, নিজেই দিচ্ছেন অনলাইন হাজিরা

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৯ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মাননীয়’ বাদ, নিজেই দিচ্ছেন অনলাইন হাজিরা

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত কাগজে-কলমে না রেখে নিজের দপ্তর থেকেই বাস্তবায়নে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ফাইল, নথি ও দাপ্তরিক কার্যক্রমে তার পদবির আগে ‘মাননীয়’ শব্দ লেখা বন্ধ করার প্রক্রিয়া চালু হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে জানিয়েছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র বা সারসংক্ষেপ উপস্থাপনের সময় পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা এ ধরনের অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

শুধু নির্দেশনা দিয়েই থেমে নেই সরকারপ্রধান। তার কাছে পেশ করা ফাইল ও সরকারি কাগজপত্রে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ না লিখে কেবল ‘প্রধানমন্ত্রী’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিক বিশেষণের চেয়ে দায়িত্ব, জনসেবা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতাকেই মুখ্য করার বার্তা দিচ্ছেন তিনি।

দাপ্তরিক শৃঙ্খলার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী। অন্য কর্মকর্তা-কর্মচারীদের মতো তিনিও প্রতিদিন কার্যালয়ে প্রবেশের সময় অনলাইন হাজিরা দেন এবং দিনের কাজ শেষে নির্ধারিত নিয়মে বের হওয়ার হাজিরা দিয়ে অফিস ত্যাগ করেন। সরকারপ্রধান হয়েও নিজ হাতে নিয়ম পালনের মাধ্যমে প্রশাসনের সব স্তরের কর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রতি উদ্বুদ্ধ করতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...