গোসাইলডাঙ্গায় অভিযান: ৭০ বোতল বিদেশি মদসহ দুই কারবারি গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৫:০১ পিএম
গোসাইলডাঙ্গায় অভিযান: ৭০ বোতল বিদেশি মদসহ দুই কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। অভিযানে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন পুস্পেন ব্যানার্জী (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মধ্যম গোসাইলডাঙ্গার কবি দোভাষ লেনের একটি বাসায় বিদেশি মদের কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন কারবারি অবস্থান করছেন। এরপর বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডিবির একটি দল ক্রেতার বেশে ওই বাসায় প্রবেশ করে।

ক্রেতা সেজে আসা পুলিশ সদস্যদের বাসাটির নিচতলায় পলাতক আসামি আবু শাকিল সাগরের শোবার ঘরের সামনে নিয়ে যাওয়া হয়। এ সময় গোয়েন্দাদের উপস্থিতি আঁচ করতে পেরে সাগর পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে পুস্পেন ব্যানার্জী ও শামসুল ইসলামকে আটক করা হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সাগরের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, আটক দুজন এবং পলায়নরত আবু শাকিল সাগরের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...