পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের ইসরায়েলি পরিকল্পনায় বাংলাদেশের ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৩:২৯ পিএম
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের ইসরায়েলি পরিকল্পনায় বাংলাদেশের ক্ষোভ

অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক নীতিমালার সরাসরি লঙ্ঘন। এসব পদক্ষেপ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি একটি কার্যকর দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকেও আরও দুর্বল করে তোলে।

এ প্রেক্ষাপটে ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি গড়ার কার্যক্রম অবিলম্বে থামাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি ঢাকার অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত, সামগ্রিক এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এবং ফিলিস্তিনি রাষ্ট্রসত্তা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তা অর্জনের লক্ষ্যে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার পাশে বাংলাদেশ দৃঢ়ভাবে রয়েছে এবং তাদের প্রতি দেশটির সমর্থন অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...