প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না দেওয়ায় ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ
ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না। এ কথা নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তার ব্যাখ্যা, সম্মেলনে যোগ দেওয়ার জন্য ঢাকার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দেওয়াই হয়নি; আমন্ত্রণ এসেছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে বাংলাদেশ সরকারের কাউকে পাঠানোর সুযোগই নেই। প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকারের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। কে আপনাদের বলেছে যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? বিমসটেকের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে এই প্রশ্ন করছেন কেন?’
তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর কোনো বহুপক্ষীয় অনুষ্ঠান ঘিরে হওয়া সম্ভব নয়। সময় অনুকূল হলে দ্বিপক্ষীয় ভিত্তিতে সফর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে আগামী দুই বছরের মেয়াদে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবেই এই দায়িত্ব গ্রহণ করে দেশটি।

