মায়ের শেষবিদায়ে অংশ নিতে চিন্ময়ের প্যারোলে মুক্তির আবেদন

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৩:১৮ পিএম
মায়ের শেষবিদায়ে অংশ নিতে চিন্ময়ের প্যারোলে মুক্তির আবেদন

কারাগারে বন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন। এর পরিপ্রেক্ষিতে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ছেলের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। একই দিনে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ আবেদন জানান চিন্ময়ের সহোদর ভাই রঞ্জন কুমার ধর।

আবেদনে বলা হয়েছে, মায়ের জীবনের শেষ মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস তার পাশে উপস্থিত থাকতে পারেননি। অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগটুকু তার একান্ত প্রয়োজন। বিষয়টির মানবিক ও ধর্মীয় তাৎপর্য বিবেচনা করে প্রয়োজনীয় সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তার ব্যবস্থাসহ উপস্থিত থাকার অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনের সঙ্গে মৃত সন্ধ্যা রাণী ধরের মৃত্যু সনদ ও আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন সন্ধ্যা রাণী ধর। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতির পর বুধবার রাতে তাকে হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবেদনটি এখন চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের বিবেচনাধীন রয়েছে। মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হবে কি না, তা নির্ভর করছে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...